পাহাড়ে পর্যটক ভ্রমনে অনুমতির অনুরোধ – পাহাড়ের জীবনজীবিকার অর্থনীতির প্রধান উৎস পর্যটনখাতকে বাঁচাতে পর্যটক ভ্রমনে নিরুৎসাহী করা সরকারি সিদ্ধান্ত তুলে নেয়ার অনুরোধ জানিয়েছে পর্যটন সংশষ্ট ব্যবসায়ীবৃন্দ।
পাহাড়ে পর্যটক ভ্রমনে অনুমতির অনুরোধ
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি সদরের মগবান এলাকায় অবস্থিত বার্গি লেক রেস্টুরেন্টে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভায় তারা এ অনুরোধ জানান।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক নাসরীন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ান।

সভায় জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান বলেন, পর্যটন শিল্পের সাথে এ অঞ্চলের জীবনজীবিকা জড়িত। যেকারণে নিরুৎসাহিত করা হয়েছে, সেটা যাতে দীর্ঘায়িত না হয় সে চেষ্টা চালানো হচ্ছে। এখানকার মানুষের জীবনজীবিকা যাতে স্থবির হয়ে না পড়ে সেটা মাথায় নিয়ে পর্যটন উন্নয়নে কাজ করছি। পর্যটকদের জন্য ইনফরমেশন সেন্টার খোলার চেষ্টা চলছে। রাঙামাটি শহরকে সৌন্দর্য্যমন্ডিত শহর করার পরিকল্পনা রয়েছে।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, গত পনের বছরের পুলিশের দায়িত্ব আমরা নিব না, এখন কিছু হলে সেটা দেখা হবে। পাহাড়ের পর্যটন শহরের নিরাপত্তাসহ অন্যান্য সমস্যা সমাধানে পুলিশ প্রশাসন আন্তরিক রয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি, যতদুুুত সম্ভব পর্যটকরা যেন রাঙামাটি ভ্রমনে আসতে পারে।